প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 22, 2026 ইং
চন্দ্রগঞ্জে বেপরোয়া মাদক সিন্ডিকেট: ‘গাঁজা সোহেল’—সহযোগী মা ও স্ত্রী, আতঙ্কে এলাকাবাসী

আনোয়ার হোসেন :ক্রাইম রিপোর্টার
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে প্রকাশ্যেই দাপট দেখিয়ে চলছে মাদক কারবার—আর এর কেন্দ্রবিন্দুতে ‘গাঁজা সোহেল’ নামে পরিচিত এক ব্যক্তি।
ভয়ংকর তথ্য হলো, এই মাদক সিন্ডিকেটে তার মা ও স্ত্রীর সরাসরি সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই সোহেলের বাড়ি মাদক বেচাকেনার নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে।
দিনে নিরীহ পরিবারের মুখোশ, আর রাত হলেই জমে ওঠে মাদকের আসর—এমন চিত্রই উঠে এসেছে এলাকাবাসীর বক্তব্যে।
অভিযোগ রয়েছে, সোহেলের মা ও স্ত্রী নিজেরাই মাদক লেনদেনে সহায়তা করছেন, এমনকি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেও সক্রিয় ভূমিকা রাখছেন। ফলে পুরো বিষয়টি একটি পারিবারিক মাদক চক্রে রূপ নিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—একাধিকবার অভিযোগ দেওয়ার পরও রহস্যজনকভাবে নিশ্চুপ প্রশাসন। এতে করে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে এই চক্র।
এলাকাবাসীর ভাষায়, “এভাবে চলতে থাকলে আমাদের সন্তানরা ধ্বংস হয়ে যাবে। আমরা আতঙ্কে আছি, কিন্তু বলার সাহস পাচ্ছি না।”
চন্দ্রগঞ্জের সচেতন মহল বলছে, এখনই কঠোর অভিযান না চালালে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।
© দৈনিক চেতনার কন্ঠ